ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকির (৩৩)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত দিলরুবা বেগম (২০) মধুখালী উপজেলার দেউল মথুরাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ৬ আগস্ট মধুখালী থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, যৌতুকের দাবিতে ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে দিলরুবাকে তার স্বামীর পরিবারের লোকজন মারধর করে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সাক্ষ্যপ্রমাণে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। তিনি আরও বলেন, “এই রায় যৌতুকলোভীদের জন্য একটি কঠিন বার্তা হয়ে থাকবে।”

