আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাসব্যাপী টাইফয়েড জ্বরের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে পরামর্শমূলক কর্মশালায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ আঃ সালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ ফায়জুল হক।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।
মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদান কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: ইসমত জাহান সুমনা।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দ্য গ্লোবাল বারডেন অব ডিজিজের সমীক্ষা অনুযায়ী
২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করেন। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
ডাঃ সুমনা আরো বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়াবাহী। দুষিত খাবার ও পানি পান, অস্বাস্থ্যকর পরিবেশে এর আক্রমণ ঘটে । এমনকি মানুষের মল, নর্দমার নোংরা বর্জ্য থেকেও টাইফয়েড বিস্তার ঘটাতে পারে।
বাংলাদেশ ,ভারত , পাকিস্তান, নেপাল ও ভুটানে টাইফয়েডের ব্যাকটেরিয়া নির্মূলে ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশও টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদান উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু -কিশোর ও নারীদের ।
সাতক্ষীরা সিভিলে সার্জন মোঃ আঃ সালাম বলেন, জেলায় ৫ লাখ ৭ হাজার ৪০৮ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে স্কুল-মাদ্রাসায় ৩ লাখ ৪১ হাজার ৪০০ জন রয়েছে।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে। তিনি বলেন, www.vaxepi.gov.bd অ্যাপে ঘরে বসেই রেজিস্ট্রেশন করা যাবে। বিনামূল্যে এই টিকা গ্রহণ করলে একটি সার্টিফিকেটও দেওয়া হবে টিকা গ্রহণকারীকে। যা ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
সিভিল সার্জন আরো বলেন, জীবন রক্ষাকারী এই টিকা সম্পূর্ণ নিরাপদ। তবে, কিছু কুসংস্কারমনা মানুষজন টিকা নিয়ে গুজব ছড়িয়ে থাকে। কোন রকম গুজবে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, টিকা নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সুখী সমৃদ্ধশালী করতে হবে। রোগমুক্ত স্বাস্থ্য ও পরিশ্রমী মানুষেরা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং মারণঘাতি টাইফয়েডকে শতভাগ টিকাদানের মাধ্যমে দেশ থেকে নির্মূল করা জরুরি। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষদের একসাথে কাজ করতে হবে।
পরামর্শমূলক কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

