আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার কালিবাড়ী বাজারে সার ডিলার মেসার্স মা এন্টারপ্রাইজে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ডিলার শ্রী বিপ্লব চন্দ্র মহন্তের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি সার কৃষকদের না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করে আসছিল। এছাড়া দোকানে বাধ্যতামূলক বিক্রয় মূল্য তালিকা টানানো হয়নি, বিক্রয় রেজিস্টার ও ভাউচারও সংরক্ষণ করা হয়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

