যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চৌগাছা উপজেলার কান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
ফুটবল (বালক) বিভাগে এবিসিডি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। অপরদিকে, ফুটবল (বালিকা) বিভাগে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুল।
বক্তব্য রাখেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তবিবর রহমান, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান কবির, বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

