নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশে কচুয়া উপজেলার ৪৩টি মন্দিরে সরকারি বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে। প্রতিটি মন্দিরকে ৫০০ কেজি করে মোট ২১ টন ৫০০ কেজল চাউল হস্তান্তর করা হয়।
২৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের অনুমতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পূজায় আগত ভক্তদের আহার্য বাবদ মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া পুজা উদযাপন কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নিরাময় ইন্দু হালদার প্রমুখ।
এই বরাদ্দকৃত চাউল বিতরণ কার্যক্রম শারদীয় দুর্গাপূজাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

