খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের পানতিতা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবারের পুরো বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় নগদ চার লক্ষ টাকা, গৃহস্থালির মূল্যবান সামগ্রী এবং বেশ কয়েকটি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটে শনিবার(২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে।ক্ষতিগ্রস্ত ঘরের মালিক জলিল মিনা, পিতা সুরত মিনা, দীর্ঘদিন ধরে পানতিতা গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনোমতে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান, তবে ঘরের ভেতরে থাকা নগদ চার লক্ষ টাকা, আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং ৮-১০টি দেশি মুরগি পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,”প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আইনগত সহযোগিতা চাইলে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহানুভূতির সঙ্গে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বর্তমানে জলিল মিনার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হোক।

