Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস

আজহার আলী,বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আজহার আলী,বগুড়া প্রতিনিধি

“ডোন্ট মিস এ বিট” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করেছে টিএমএসএস হার্ট সেন্টার। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা স্বাস্থ্যসচেতনতামূলক ও আনন্দঘন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় দিবসটি পালিত হয়।

সকাল ৬টা ৩০ মিনিটে সাতমাথা চত্বরে সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হৃদযন্ত্র সুস্থ রাখতে সাইক্লিংয়ের গুরুত্ব তুলে ধরতে এই প্রতিযোগিতা মাটিডালি বিশ্বরোড হয়ে ঠেঙ্গামারাস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়। সকাল ৭টা ৩০ মিনিটে টিএমএসএস হাসপাতাল থেকে শুরু হওয়া ম্যারাথন দৌড় নওদাপাড়া ঘুরে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

সকাল ৯টায় টিএমএসএস হাসপাতাল চত্বরে এবং সকাল ১০টায় সাতমাথা চত্বরে স্থাপিত দুটি হেলথ চেকআপ বুথে বিনামূল্যে হার্ট ফিটনেস স্ক্রিনিং ও কনসালটেশন প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুথ উদ্বোধন করেন বগুড়া বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মোঃ আজফারুল হাবিব। এ সময় টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, টিএমএসএস হার্ট সেন্টারের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ মজিবর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

“সাঁতার কাটুন, হৃদয় সুস্থ রাখুন” স্লোগান নিয়ে সকাল ১০টায় মমইন সুইমিং পুলে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্বরোড হয়ে নওদাপাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে টিএমএসএস ক্যান্সার সেন্টারে এসে শেষ হয়। দুপুর ১২টায় নারী চিকিৎসক ও কর্মীদের অংশগ্রহণে “বালিশ বদল” খেলা কর্মক্ষেত্রে আনন্দ ও সৌহার্দ্য বাড়ায়।

আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

ড. হোসনে আরা বেগম বলেন, হৃদরোগ একটি নীরব ঘাতক। এর ঝুঁকির কারণ ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ। তাই হৃদয়ের যত্ন নেওয়া এবং আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন, উপদেষ্টা আয়েশা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, পরিচালক (হাসপাতাল) ডা. এফ.এম.মুছা আল মানছুর, ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ মোঃ অনুপ রহমান চৌধুরী, প্রকল্প পরিচালক টিএমএসএস হার্ট সেন্টার অধ্যাপক ডাঃ মোঃ মজিবর রহমান সহ টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, টিএমএসএস উপদেষ্টাবৃন্দ, নার্স ও কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশে প্রতিবছর প্রায় পৌনে তিন লাখ মানুষ হৃদরোগে মারা যান। ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান ত্যাগ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম—এই অভ্যাসগুলো গড়ে তুললে ৮০ শতাংশ হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ সম্ভব। “ডোন্ট মিস এ বিট” প্রতিপাদ্যের মাধ্যমে বক্তারা হৃদরোগের প্রাথমিক লক্ষণ উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন।

এছাড়া টিএমএসএস হার্ট সেন্টারের বিশ্বমানের কার্ডিয়াক সেবা—এনজিওগ্রাম, স্টেনটিং, প্রইমারি পিসিআই সহ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি, হার্ট ফেইলিওর ও অ্যারিদমিয়া, করোনারি আর্টারি বাইপাস সার্জারির মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শেষ হয়।

দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বগুড়ার নওদাপাড়াস্থ ফাইভ স্টার মম-ইন হোটেলে টিএমএসএস হার্ট সেন্টার আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।