আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নাওড়া মিঠাপুর গ্রামের অটোভ্যানচালক খলিল শেখ এখন দিশেহারা। জীবিকার একমাত্র অবলম্বন অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবারসহ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি।
গত ১০ অক্টোবর রাতে খলিল শেখের বাড়ি থেকে তার অটোভ্যানটি চুরি হয়ে যায়। এরপর থেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
খলিল শেখ জানান, “আমি দিন আনি দিন খাই মানুষ। ভ্যানটাই ছিল আমার জীবিকার একমাত্র ভরসা। ভ্যানটি হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। যদি একটা নতুন ভ্যান পেতাম, তাহলে আবারও কাজ শুরু করে ছেলেমেয়েদের মুখে ভাত তুলে দিতে পারতাম।”
পরিবারের পাঁচ সদস্য নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই অটোচালক। প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে চলছে তাদের খাদ্য জোগান।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মোল্লা বলেন, “খলিল ভাই খুব পরিশ্রমী ও সৎ মানুষ। ভ্যান হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সমাজের বিত্তবান ও প্রশাসনের উচিত তার পাশে দাঁড়ানো।”
এলাকার চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, “খলিল শেখের মতো সৎ মানুষ সমাজে বিরল। প্রশাসন ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে তার জন্য একটি নতুন ভ্যানের ব্যবস্থা করা সম্ভব হবে।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “মানবিক সহায়তার আবেদনটি আমরা পেয়েছি এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। সুযোগ তৈরি হলে তাকে সাহায্য করা হবে।”
অটোভ্যানচালক খলিল শেখ এখন একটি নতুন ভ্যানের আশায় প্রহর গুনছেন। সেই ভ্যানের চাকার ঘূর্ণনেই হয়তো আবারও ঘুরে দাঁড়াবে এক অসহায় পরিবারের জীবন।

