আজাহার আলী, বগুড়া
পরের জন্য জীবন উৎসর্গ করার মাধ্যমে মানবজীবন সার্থকতায় উজ্জ্বল হয়ে ওঠে। সমাজের কল্যাণে নিজেদের নিঃশেষে বিলিয়ে দেওয়ার মধ্যে আছে পরম সুখ, অনির্বচনীয় আনন্দ ও অপরিসীম পরিতৃপ্তি। পরোপকারের মাধ্যমে যে আনন্দ লাভ করা যায় সে আনন্দই জীবনকে করে সুন্দর। সমাজে অসহায় মানুষকে প্রাণবন্ত করে তোলাই মানবতার ধর্ম। এ চেতনা থেকে উত্তরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে কাজ করছে বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল।
মানবসেবার এই মহান ব্রত নিয়েই ১৯৪১ সালে বগুড়া চার্চ্চেস অব গড মিশন চত্বরে প্রতিষ্ঠিত হয় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকেই হাসপাতালটি স্বল্প খরচে অবহেলিত ও স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। সহমর্মিতা, সেবা ও মানবকল্যাণের এই অঙ্গীকার আজও একই আবেগে বহমান— মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়ে জীবনকে করেছে আরও সুন্দর, আরও অর্থবহ।
চক্ষু ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার অসহায় ও গরীব রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পে স্বল্পমূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাপত্র, চশমা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চক্ষু শিবিরের অন্যতম প্রধান লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষুজনিত সমস্যাগুলো চিহ্নিত করা এবং তাদের যথাযথ চিকিৎসার আওতায় আনা। এছাড়াও, অনেক অসহায় রোগীকে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয় এবং বাছাইকৃত রোগীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কম খরচে অপারেশন করানো হয়।
উপকারভোগীরা জানান, গ্রামীণ অঞ্চলে চিকিৎসাসেবা পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে চোখের মতো সংবেদনশীল অঙ্গের চিকিৎসা পেতে আমাদের দূরদূরান্তে ছুটতে হয়, যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের এই চক্ষু ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই উদ্যোগ আমাদের জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। এমন মানবিক কার্যক্রম যে কত বড় উপকার বয়ে এনেছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের চক্ষু ক্যাম্প মানবতার এক অনন্য দৃষ্টান্ত। স্বল্পমূল্যে উন্নতমানের চক্ষু সেবা প্রদানের মাধ্যমে তারা দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে আলো ফিরিয়ে আনছে। মানবিকতা ও সেবার এই দীপ্ত আলো উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।
বগুড়া চার্চ্চেস অব গড মিশনের প্রশাসনিক কর্মকর্তা ডোনাল্ড দাস বলেন, মানবসেবাই পরম ধর্ম। সমাজের যেসব মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার এবং নৈতিক দায়িত্ব। দেশের বহু মানুষ চোখের নানাবিধ দৃষ্টি সমস্যায় ভুগছেন, কিন্তু অনেকেই আর্থিক অক্ষমতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা থেকেই বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলজুড়ে নিম্নআয়ের মানুষের জন্য নিয়মিতভাবে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরো বহুগুণে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যেন তৃণমূল পর্যায়ের দুঃস্থ ও নিম্নআয়ের মানুষরাও চিকিৎসাসেবার সুফল ভোগ করতে পারে। চক্ষু চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হাসপাতালটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

