শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ও মেডিসিন বিভাগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা।
বুধবার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাব্যাপী ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন পালন করেন এখানকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্যাথলজি বিভাগ ও ফার্মেসির সামনে রোগীদের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আগত রোগীরা।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্যাথলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করে ব্যানার টাঙ্গিয়ে অর্ধদিবস পালন করছেন।
এ সময় কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালে এসেছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ডাক্তার দেখানোর পর পরীক্ষা দিলে প্যাথলজিতে গিয়ে পরীক্ষা করাতে পারছি না। প্যাথলজিতে লোক নেই।
প্যাথলজির লোক হাসপাতালের বাইরে ব্যানার টাঙ্গিয়ে কর্মবিরতি পালন করছেন। তারা আরো বলেন, মেডিসিন কর্নারে গিয়েও কোন লোক পাওয়া যায়নি। দরজা তালাবন্ধ। সাধারণ রোগীদের এভাবে কষ্ট দিয়ে এ ধরনের আন্দোলন আমরা আশা করিনা।
এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। বিশেষ করে শিশু ও বয়স্কদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের উচিত দ্রুত দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধান করা।
কর্মবিরতি পালন সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট আমিরুল ইসলাম রনী ও ফার্মাসিস্ট প্রদীপ দাস বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে উপজেলাবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। সেই তুলনায় আমাদের মূল্যায়ন করা হয় না। আমরা ১০ম গ্রেড পদোন্নতি পাওয়ার যোগ্য। এজন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
তারা আরো বলেন, দাবি মানা না হলে আমরা ৪ ডিসেম্বর থেকে শাট ডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি।

