হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকার এতিম শিশুদের মাঝে বেগম জিয়ার নামে একটি খাসি ছাগল দান করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রামপুর প্রাইমারি স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, এই দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা আশা করি, আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত আরোগ্য দান করবেন।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ ও আহম্মেদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

