ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা “এক দফা, এক দাবি” স্লোগানে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
আন্দোলনকারীরা জানান, ২০২৪ সালে প্রণীত নিয়োগবিধি এখনো গেজেট আকারে প্রকাশ না হওয়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদে কর্মরতদের পদোন্নতি, বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। তারা বলেন, এটি তাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো কার্যকর হয়নি।
আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আরও কঠোর ও ব্যাপক আন্দোলনে নামবেন।
উল্লেখ্য, একই দাবিতে দেশের বিভিন্ন জেলায়ও পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে।

