এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় তালা সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “তালা-কলারোয়াকে আমরা দুর্নীতি ও মাদকমুক্ত দেখতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ইসলামের বিজয় হয়েছে, জাতীয় সংসদেও ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আসনের পরিচালক ডা. মাহামুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আসাদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাছুম বিল্লাহ ও মাওলানা কবিরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পেশাজীবী পরিষদের সেক্রেটারি হাফেজ শাহ আলম, তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিউর রহমান এবং তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জামালুল বান্না প্রমুখ।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

