মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির উদ্যোগে পৃথক দুটি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট এলাকায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাকেরহাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিলে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, মোহাম্মদ আলী সরকার, শফিকুল আলম, জিল্লুর রহমান, মেহরাজুল আলম সুফীসহ নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওয়াইদুর রহমান, সদস্য সচিব ওবাইদুল মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিরোধী দলের প্রার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ছবির ক্যাপশন: হাদি ও এরশাদের হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল।

