বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জাতীয় পার্টির নেত্রী হাবিবা কিবরিয়া নির্বাচনী উঠান বৈঠকে ভোটের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা এতদিন ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেননি, তারা ভোটের দিনে লাঙ্গল প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন।
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া শুক্রবার(৬ ফেব্রুয়ারি )বিকেল ৪টায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নমরহাট বন্দরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন দেখে কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও এজেন্ট না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এসব হুমকি জনগণকে ভয় দেখাতে পারবে না; ভোটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে।
স্থানীয় সমাজসেবক ও সফিপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আরিফ হোসেন সরদার, যুব সংহতির সদস্য সচিব মো. আসাদুজ্জামান বাবু মাতুব্বর এবং স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. দুলাল হাওলাদার।
সভায় স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাবিবা কিবরিয়া সবাইকে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

