জয়পুরহাট প্রতিনিধি
প্রচারণার শেষ দিনে জয়পুরহাটের কালাইয়ে জনসভা করেছেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারী। তিনি বলেন, “আমি দীর্ঘদিন সরকারের আমলা হিসেবে দেশ সেবায় নিয়োজিত ছিলাম। চাকরি শেষে এখন এলাকায় এসে আপনাদের সেবা করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের সুযোগ দিন।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কালাই উপজেলা বিএনপির আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের দফা বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করা হয়েছে।
তিনি জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট প্রমুখ।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-২ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

