মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং বাজারের কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে তৎপরতা শুরু করে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে জিন্নাতুল আরা, উপজেলা নির্বাহী অফিসার, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ৮ জন দোকান মালিকের প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, একটি করে কম্বল ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়। এ সময় বেলতৈল বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি বিধি অনুযায়ী আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সহায়তা পাওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় আরও আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।

