মো. হাসিবুল আলম, সখিপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম শিল্পী আক্তার।
উপজেলার ১০ নং বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়ার বাইদ উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার সঙ্গে তিন মাস আগে তাঁর বিয়ে হয়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (১৯ ফেব্রুয়ারী) রাতে সেহরি রান্নার জন্য শাশুড়ি পুত্রবধূকে ডাকেন। একপর্যায়ে মায়ের ডাকে সাড়া দেন পুত্র ফারুক মিয়া। ঘুম থেকে উঠে তিনি দেখেন, স্ত্রী শিল্পী আক্তার ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। ফারুকের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
পরে থানায় খবর দিলে পুলিশ সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

