কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
“বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার তাড়াতে বারবার প্রাণ দিতে হয়েছে রাজপথে। এখনও অনেক মা তার সন্তানকে ফিরে পাননি, অনেক সন্তান তার বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যেমনিভাবে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহু নেতা এখনও গুম রয়েছেন।” — এ কথা বলেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

