রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন-এ পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করে সিটি কর্পোরেশনের সার্বিক দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি জারি করা ওই প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগের পর নগরবাসীর মধ্যে প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা তৈরি হয়েছে।

