ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এক পক্ষের সমর্থক রাব্বী নামের একজন বিএনপি কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে মঙ্গলবার সকালে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন এবং ৪–৫টি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা জাহিদ চৌধুরীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

