আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানি সংকট নিরসনে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
“প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ” প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে এবং রূপান্তরের সহযোগিতায় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার, বেসরকারি সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পিসিআর-ওয়াস প্রকল্পের রূপান্তরের ইমরান হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিডার মোঃ ফয়েজউদ্দীন আহম্মেদ এবং রূপান্তরের জলবায়ু প্রকল্পের পরিচালক মোঃ ফারুক আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, অফিসার ইনচার্জ শামীম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের ডা. ইমরান হুসাইন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ও বড়দল ইউপি প্রশাসক আক্তার ফারুক বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পানি সংকট নিরসনের আহ্বান জানানো হয়।

