মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, “উপজেলাকে চাঁদাবাজমুক্ত করতে যা করা প্রয়োজন তা করা হবে। কাউকেই আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজ, মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোন ছাড় নেই।” তিনি বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি গাজী এনামুল হক আরও বলেন, “যানবাহন স্ট্যান্ড দখলে নিয়ে চাঁদাবাজির দিন শেষ। সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রধানমন্ত্রীও এসব বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। শুধু বিরোধিতার খাতিরে নয়, ভাল কাজের প্রশংসা ও মন্দ কাজের সমালোচনা করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মুফতি রশিদ আহমাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, থানার ওসি রজিউল্লাহ খান, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মহিউল ইসলাম, সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান এবং পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল বারীসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
একই দিনে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায়ও প্রধান অতিথি গাজী এনামুল হক অংশ নিয়ে বলেন, “মনিরামপুরে আইনশৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।”

