খুলনা প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন-এ প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নগর ভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
কেসিসি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় প্রস্তুত করা আমন্ত্রণ তালিকায় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রয়েছেন ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া চিকিৎসক, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী এবং বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু উচ্চপর্যায়ের ব্যক্তিরাই নন, নগরের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রিকশাচালক, ইজিবাইকচালক ও শ্রমিক প্রতিনিধিদেরও অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত এ অনুষ্ঠান পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভাকক্ষে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন।
অনুষ্ঠান উপলক্ষে নিচতলায় বড় পর্দার এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে, যেখানে উন্নয়ন সংশ্লিষ্ট অংশীজন ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক নিচতলায় উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পরে তৃতীয় তলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সরকার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয়। পরদিন রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে তিনি যোগদানপত্র জমা দেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পর এখন তিনি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত।
নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নগর উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নগর ভবনে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

