ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরর ঘোড়াঘাট উপজেলায় বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। সাধারণ মানুষ তো বটেই, সাংবাদিকরাও চুরির হাত থেকে রেহাই পাচ্ছেন না।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার সদর পূর্বপাড়া গ্রামের মরহুম মুকুল সোনারের বড় ছেলে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরভিল বাপ্পির নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে একই পৌরসভার লালবাগ গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর একটি সিটি বাজাজ মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়।
এছাড়াও আজাদ মোড়, বাঘের হাট ও কুন্ডু মার্কেটের সামনে থেকে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, বিয়ে বাড়ি, জানাজা, ব্যাংক, হাসপাতাল ও হাট-বাজারের ব্যস্ত এলাকাকে টার্গেট করে চোরচক্র মোটরসাইকেল চুরি করছে।
স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও পীরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে চোরচক্র এসে এসব চুরি সংঘটিত করছে।
এ ঘটনায় সাংবাদিক আরভিল বাপ্পি ২৮-০২-২০২৬ তারিখে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

