Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আজ থেকে লালন আখড়াবাড়িতে সংক্ষিপ্ত দোল উৎসব, নেই গ্রামীণ মেলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই-এর স্মৃতিধন্য কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়ি-তে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দোল উৎসব। তবে পবিত্র রমজান মাসের কারণে এবার আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। থাকছে না চিরচেনা গ্রামীণ মেলা কিংবা লাখো ভক্ত-অনুসারী ও দর্শনার্থীর পদচারণা। শুধুমাত্র সাধুসঙ্গের মধ্য দিয়েই শেষ হবে এবারের উৎসব।

জানা যায়, জীবদ্দশায় দোলপূর্ণিমা তিথিতে কালীগঙ্গা নদীর তীরে শিষ্যদের নিয়ে সাধুসঙ্গে মিলিত হতেন লালন সাঁই। রাতভর চলত আধ্যাত্মিক গান, বাউল সঙ্গীত ও তত্ত্বকথার আলোচনা। তাঁর দেহত্যাগের পরও যুগ যুগ ধরে ভক্তরা সেই ঐতিহ্য ধরে রেখেছেন। এবারের দোলপূর্ণিমা তিথি পড়েছে সোমবার (০২ মার্চ)। কিন্তু রমজানের কারণে উৎসবের জৌলুশ অনেকটাই কমেছে।

লালন আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান রিপন জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শুধুমাত্র সাধুসঙ্গের মধ্য দিয়েই আয়োজন সম্পন্ন করা হবে। কোনো প্রকার মেলা বা বড় সমাবেশের আয়োজন রাখা হয়নি।

তবে সংক্ষিপ্ত আয়োজন নিয়ে তেমন আক্ষেপ নেই সাধু-ভক্তদের। তাঁদের মতে, বাহ্যিক জাঁকজমকের চেয়ে সাধুসঙ্গই মুখ্য। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধুরা আখড়াবাড়ির আঙিনায় ফরাস পেতে বসেছেন। ভাবসাগরে ডুব দিতে তারা অপেক্ষায় রয়েছেন।

দোল উৎসব উপলক্ষে আখড়াবাড়ি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন ও পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

সংক্ষিপ্ত আয়োজন হলেও আধ্যাত্মিক আবহে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে এবারের দোল উৎসব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।