আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইসলামিক সংগঠন হিলফুল ফুজুলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা-পাঞ্জাবি তৈরির কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ধলাইরচর চৌরাস্তায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মসজিদের ইমামদের হাতে ঈদ উপহার হিসেবে উন্নত মানের জুব্বা-পাঞ্জাবির কাপড় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধলাইরচর হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি রাকীবুল হাসান রাকীব বলেন, মসজিদের ইমামরা সমাজের নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তারা মানুষকে ধর্মীয় শিক্ষা দেন এবং সমাজকে সৎপথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান জানাতে এবং পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই সামান্য উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মাওলানা মারুফ শেখ। তিনি বলেন, রমজান মাস আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত ইমামরা সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসে ইমামদের সম্মান জানিয়ে এ ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

