মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর আরিফ হোসেন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নেহালপুর ইউনিয়নের যুবসমাজ ও এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর বালিধা গ্রামের বৈরাগী মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।
মানববন্ধনের পরে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন আয়োজনা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন এবং নেহালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিন্টু ও জাকারিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মার্চ ভোর রাতে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আরিফ হোসেনকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে যুক্ত ছিলেন তার সৎ পিতা, বালিধা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে সোহেল মাহমুদ এবং তার সহযোগী, পাঁচাকড়ি গ্রামের আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান সৌরভ। হত্যার পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়।
পরদিন সকালে স্থানীয়রা ঘেরের ভেড়িতে রক্তসহ অন্যান্য আলামত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই খুনের ঘটনায় নিহতের সৎ পিতা ও তার সহযোগীকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

