আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েও তিনি বিএনপিকে সংগঠিত রাখার চেষ্টা করেছেন। কিন্তু দলের একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল ঠেকাতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠক করা হয়। কিন্তু ওই বৈঠকের কথোপকথনের রেকর্ড গোপনে ধারণ করে তা সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
জালাল উদ্দিন ফকির অভিযোগ করেন, প্রায় তিন মাস আগের একটি সালিস বৈঠকের ভিডিওও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ফেইক আইডি থেকে এসব ভিডিও প্রকাশ করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেনস্তা করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি অনলাইন পত্রিকায় তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ভিপি মামুন, কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও ফারুক মৃধাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

