বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন আলোকধারা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. ওয়ালীউল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফখরুজ্জামান মতিন, মীর কামাল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. এনামুল হক, সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান মুরাদ এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকধারা ফাউন্ডেশনের সিইও মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি মো. ওয়ালীউল হাসান তার বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা এমন একটি শক্তিশালী হাতিয়ার, যার মাধ্যমে সমাজ ও দেশকে পরিবর্তন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই আমাদের লক্ষ্য।”
সাবেক মেয়র ফখরুজ্জামান মতিন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।”
আলোকধারা ফাউন্ডেশনের সিইও মাহমুদুল হাসান বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

