দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে তামাকজাত দ্রব্যের প্রচার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার থেকে বই চুরির চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
অভিযানে দোকানে ধূমপানের প্রচারসংবলিত ফেস্টুন লাগানোর অপরাধে শেখ স্টোরকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে তিনটি খাবার হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার থেকে বই চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করেন। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ হান্নানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

