পিরোজপুর প্রতিনিধি
জ্বালানি তেলের তীব্র সংকটে পিরোজপুর জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (২৫ মার্চ) ভোর থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহ না থাকায় বিক্রি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকতে দেখা যায়। তেল নিতে এসে অনেক চালককে খালি হাতেই ফিরে যেতে হয়েছে।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, ভোর থেকেই পাম্পে তেল না থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। এছাড়া ডিপো থেকে প্রয়োজন অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
এদিকে, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

