কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার সকালে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে শুক্রবার সকালে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রক্ষা পায়নি রাসেল। সকালে প্রতিপক্ষের লোকজন স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, “আমাদের চাচা পান্না বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এর জেরে তার লোকজন আমার ভাইকে প্রথমে মারধর করে। পরে হাসপাতালে নিয়েও রক্ষা হয়নি, সেখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।”
এ বিষয়ে অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

