নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ কৃষি ও বনায়ন (Agriculture & Forestry) বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১-৪৭৫তম স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২৫ মার্চ কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে গাকৃবি এই সাফল্য অর্জন করে। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল ১০৭১-১০৮০-এর মধ্যে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণার প্রসার, আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের ফলে অল্প সময়ের মধ্যেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
প্রকাশিত তালিকায় কৃষি ও বনায়ন বিষয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ প্রথম এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ বছর বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টির বেশি প্রতিষ্ঠান এবং ২১ হাজারের বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির আওতায় মূল্যায়ন করা হয়েছে।
এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অধিকার করে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ধারাবাহিকতায় টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে গাকৃবি। পাশাপাশি THE সাবজেক্ট র্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে THE ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে গাকৃবি। অন্যদিকে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫’-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’-এও স্থান করে নেয় বিশ্ববিদ্যালয়টি। এ তালিকায় গাকৃবির বৈশ্বিক অবস্থান ৩৩১তম এবং প্রযুক্তি ও উদ্ভাবনে শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে ৭৭তম।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করে বলেন, “এটি শুধু একটি র্যাঙ্কিং অর্জন নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ সৃষ্টি, আধুনিক পাঠক্রম উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে একটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।

