Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুঃস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কারণ তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। তাই জনগণের স্বার্থে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বর্তমানে জ্বালানির চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও তা মোকাবিলায় সক্ষমতা রয়েছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ভাতা পৌঁছে দিতে সরকার কাজ করছে। উপকারভোগী বাছাইয়ে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব যেন না থাকে, তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কমাতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।