নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে চট্টগ্রাম রুটে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও শাহী সার্ভিসের ওই বাসে আদায় করা হচ্ছিল ৫০০ টাকা। অর্থাৎ প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত ১৫০ টাকা নেওয়া হচ্ছিল।
শুক্রবার বিকেলে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। পরে অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

