স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচির বাবার বাড়িতে ঈদে ঘুরতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১০) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত ২৬ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে নিখোঁজ হয় তাসনিমা। তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে উপজেলার মঙ্গলাহাটা গ্রামের জাকিরের মেয়ে,তার চাচি রেশমার সাথে ঈদে বেড়াতে এসেছিল।
পুলিশ সূত্রে জানা গেছে,ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশামার বাবার বাড়ি মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন,বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত আলী শনিবার(২৮মার্চ)বলেন,সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

