মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জেরে বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার বেকু হাসানকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

