আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ্ব নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের অভাবে শিক্ষার্থীরা এখন খোলা আকাশের নিচে পাঠদান করছেন। সম্প্রতি বিদ্যালয়ের আধাপাকা ভবনের টিনের চালা ঝড়ে উড়ে যাওয়ায় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বা রৌদ্রে পুড়ে খোলা মাঠে ক্লাশ নিতে বাধ্য হচ্ছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১৫৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু ৩৩ বছর পরও বিদ্যালয়টি একটি পূর্ণ পাকা ভবন পায়নি। শিক্ষক সংখ্যা ৬ জন। ১৭ মার্চ গভীর রাতে আকাশে আকস্মিক ঝড়ে ভবনের ছাউনির টিন উড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম প্রায় বন্ধের অবস্থা সৃষ্টি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের টেবিল-চেয়ার নিয়ে খোলা মাঠে পাঠদান চালাচ্ছেন। প্রচণ্ড রোদে বা গরমে ক্লাশ নেওয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। ঝড় বা বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীরা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, বর্ষার আগেই ভবনটি সংস্কার করা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। প্রধান শিক্ষক মো. আবু হানিফ বলেন, “বিদ্যালয়টি একদম বিধ্বস্ত, তাই জরুরি ভিত্তিতে মেরামত বা নতুন ভবন নির্মাণ ছাড়া স্বাভাবিক পাঠদান সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।”
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবনের বিষয়টি তিনি জেনেছেন এবং অতিদ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

