বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পায়রা নদীর তীরবর্তী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
তালতলী পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এবং ওয়াটারকিপার বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জেলে ও পরিবেশকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিবেশ দূষণ বৃদ্ধি করছে এবং মানুষের স্বাস্থ্য, জীবিকা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।
তারা আরও বলেন, বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশেও পরিকল্পিত ও ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরি। তা না হলে জলবায়ু ঝুঁকি আরও বাড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন তালতলী পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি সুলতান আহমেদ, ওয়াটারকিপার বাংলাদেশের তালতলী-আমতলী সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পরিবেশকর্মী হাইরাজ মাঝি, জেলে আলমগীর হাওলাদার এবং স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম ও রহিমা বেগম।
বক্তারা বলেন, বর্তমান জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে চাপ সৃষ্টি করছে। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন। একই সঙ্গে এই রূপান্তর যেন সবার জন্য ন্যায্য হয় এবং জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার পথ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা এ কর্মসূচিকে বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করেন।

