জয়পুরহাট প্রতিনিধি
“স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়।
আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাছেদুর রহমান বাছেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী অর্থবছরের জন্য মোট ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের আয়ের উৎস ও ব্যয়ের বিভিন্ন খাত জনসম্মুখে বিস্তারিত তুলে ধরা হয়। এসময় স্থানীয় বাসিন্দারা সরাসরি তাদের মতামত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা জনপ্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জনগণের ট্যাক্সের অর্থ কীভাবে উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে, তা জানার অধিকারও সাধারণ মানুষের রয়েছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউপি সদস্য আবু হাসান কাজী (৭নং ওয়ার্ড), গোলাম রব্বানী (৮নং ওয়ার্ড), মোহাম্মদ সাইফুল ইসলাম (৯নং ওয়ার্ড), খোরশেদ আলম (২নং ওয়ার্ড), মতিউর রহমান (৬নং ওয়ার্ড), রুহুল আমিন ফেরদৌস (১নং ওয়ার্ড) এবং সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম ও কল্পনা আক্তার।
বক্তারা আরও বলেন, নিয়মিত উন্মুক্ত বাজেট সভা আয়োজনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসে এবং জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

