মুন্সীগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কেবল একটি উন্নয়ন কার্যক্রম নয়, বরং এটি একটি আন্দোলন ও বিপ্লব ছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও এমপি শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি আজও জনগণের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার নতুনভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করছে, যা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে কৃষি, মৎস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
পরে তিনি বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় কাজলী নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং শিল্পকারখানার বর্জ্যে নদী ভরাট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, ইজিপিপি প্রকল্পের আওতায় ২.১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

