জামালপুর প্রতিনিধি
বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর শহরের টাউন জংশন রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে জেলা বিএনপির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঁধন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের সমর্থনে জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই অর্জন জনগণের ভালোবাসা ও সমর্থনের ফল বলে তিনি উল্লেখ করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, “আমরা এটাকে ক্ষমতা নয়, দায়িত্ব হিসেবে দেখি। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জামালপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙনসহ স্থানীয় সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রেলপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সেতু নির্মাণ এবং শিল্পায়নের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের বেকার সমস্যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। “কাউকে ৫-১০ হাজার টাকা দেওয়া বড় কথা নয়, বরং তার হালাল উপার্জনের ব্যবস্থা করে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ,”—যোগ করেন তিনি।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও কৃষি উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতা পুনরায় শুরু হয়েছে বলেও দাবি করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

