Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগামীকাল ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের শিলাইদহ কুঠিবাড়ি-তে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে জেলা প্রশাসন।

জন্মবার্ষিকীকে ঘিরে ইতোমধ্যে ধোয়া-মোছা ও রংতুলির আঁচড়ে নতুন সাজে সাজানো হয়েছে কুঠিবাড়ি প্রাঙ্গণ। পাশাপাশি কুঠিবাড়ির বাইরের এলাকায় বসছে গ্রামীণ মেলা। বিশেষ এই আয়োজনকে ঘিরে কবিভক্ত, দর্শনার্থী ও সাহিত্যপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন তাঁর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে। এখানেই তিনি রচনা করেছেন বহু কালজয়ী কাব্যগ্রন্থ, ছোটগল্প, নাটক ও উপন্যাস। ফলে রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জন্মবার্ষিকী ছাড়াও সারা বছর দেশ-বিদেশের দর্শনার্থীরা কবির স্মৃতি ও সাহিত্যকর্মের ছোঁয়া পেতে ছুটে আসেন এই কুঠিবাড়িতে।

শিক্ষার্থীরাও ছুটির দিনে কুঠিবাড়িতে এসে কবির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ঘুরে দেখছে। পাঠ্যবইয়ের বাইরে কবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয়ভাবে এবার তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হচ্ছে। শুক্রবার দুপুর আড়াইটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই চন্দ্র রায় উৎসবের উদ্বোধন করবেন।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন জানান, কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিন দিনের অনুষ্ঠানে রবীন্দ্র মঞ্চে আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।

সাহিত্য বিশারদ ও কবিভক্তদের মতে, বাঙালির জাতিসত্তার সঙ্গে গভীরভাবে মিশে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জ্ঞানভান্ডার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।