নিজস্ব প্রতিবেদক,নবধারা
ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” বলে কটুক্তি ও গ্রেফতারের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ) সকাল ৯টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক-সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন ফারিয়ার মধুখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ফরিদুল ইসলাম, মো. জসিমউদ্দিন, সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম আরেফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিনে বরিশালের বাকেরগঞ্জে সরকারি বাকেরগঞ্জ কলেজ-এর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটক করা হয়, যা উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আটককৃতদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান।
অন্যদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন করেন ফারিয়া অষ্টগ্রাম শাখার সদস্যরা। সেখানে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ওষুধের তথ্য সরবরাহ করে দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঢাকায় দালালবিরোধী অভিযানে কিছু রিপ্রেজেন্টেটিভকে আটক করা হয়, যা সারা দেশের পেশাজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
সব কর্মসূচিতে বক্তারা একযোগে দাবি জানান—মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা না দিয়ে পেশাগত স্বীকৃতি, মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

