নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের সম্মানে বর্ণাঢ্য ও উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সমিতি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিচার বিভাগ, জ্যেষ্ঠ আইনজীবী এবং নবীন প্রজন্মের আইনজীবীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২নং আদালত) মো. আব্দুল হাই, অতিরিক্ত মহানগর দায়রা জজ শুভ্রা চক্রবর্তী, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং মেট্রোপলিটন রেজিস্ট্রার মো. রাকিবুল ইসলাম।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, আইন পেশা শুধু জীবিকার মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকারের রক্ষাকবচ। তিনি নবীন আইনজীবীদের সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র আইনজীবী আলাউদ্দিন দীন হোসেন, সমিতির সহ-সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী, নীল দলের সভাপতি প্রার্থী মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মো. কামরুল ইসলাম শাকিল, সবুজ দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এবং সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট শরিফ উদ্দিনসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আব্দুল ওয়াদুদ বলেন, আইনজীবীরা বিচার ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। তিনি নবীন আইনজীবীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। আদালত অঙ্গনে শৃঙ্খলা, পেশাগত আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মাজারুল আলম, অ্যাডভোকেট আব্দুল কাদের, অ্যাডভোকেট সুমন মিয়া ও অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মামুন অনুভূতি প্রকাশ করেন। তারা এ আয়োজনের জন্য আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী, বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক নবীন আইনজীবীর উপস্থিতিতে পুরো আয়োজনটি আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

