Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ২৩, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার এবং সারাদেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগ।

শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় ‘চুপ থাকব না, বিচার চাই’, ‘আর একটা রামিসা নয়’ এবং ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ী রোড এলাকা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা নির্মম ধর্ষণ ও হত্যার শিকার হয়, যা মানবতার জন্য এক ভয়াবহ কলঙ্ক। বক্তারা বলেন, শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আমেনা বেগম, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মারুফা শহীদ, মহানগর সহকারী সেক্রেটারি নাজমুন নাহার লাভলী, প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদিকা নাসরিন তাসনিয়া, কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান গুলশান, খাতেমুন আরা মুক্তা এবং টঙ্গী পশ্চিম থানা দায়িত্বশীলা ফাহমিদা খাতুন লাকি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আকবর।

বক্তারা অবিলম্বে রামিসা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাত কার্যদিবসের মধ্যে রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু সুরক্ষা টহল, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।