কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, “প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।”
শনিবার কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার।
এস এম জিলানী বলেন, “আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ একসঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জরুরি। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে।”
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

