নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফের চাল চাওয়াকে কেন্দ্র করে কহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। ভুক্তভোগী কহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল সর্দার বাড়ির জয়াল আবেদীনের মেয়ে।
ভুক্তভোগী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী ক্যানসারে আক্রান্ত। এছাড়া তার এক মেয়ে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা শুনে তিনি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে একটি কার্ডের জন্য যান। সেখানে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করানো হলেও কোনো চালের স্লিপ দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, পরে ইউনিয়ন পরিষদের পাশের একটি কম্পিউটার দোকানের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করলে চেয়ারম্যানের নির্দেশে নারী ইউপি সদস্য নাছিমা বেগম এসে তাকে জুতা দিয়ে মারধর করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য নাছিমা বেগম। তিনি বলেন, “ওই নারী খারাপ আচরণ করেছেন। আমার বোরকা ধরে টানাটানি করলে আমি তাকে সরিয়ে দিই। জুতাপেটার কোনো ঘটনা ঘটেনি।”
চরজুবলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, “ওই নারী আমার ইউনিয়নের বাসিন্দা নন। চাল বিতরণের সময় এসে তিনি গালমন্দ করেছেন। পরে বাজারে কিছু গণ্ডগোল হয়েছে বলে শুনেছি।”
তবে চেয়ারম্যানের বক্তব্যকে মিথ্যা দাবি করে কহিনুর বেগম বলেন, তিনি চরজুবলি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল আলমের কথাতেই সেখানে গিয়েছিলেন।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

