কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের তুলপাই গ্রামের বাসিন্দা এবং কচুয়া বাজারের একজন পরিচিত সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্রীনিবাস এলাকার হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের হাত-পা বাঁধা ছিল। এছাড়া মাথা, ঘাড় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নুরুল ইসলামের স্বজনরা জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার তার ছোট ছেলে সানাউল্যাহ কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের স্ত্রী বলেন, তার স্বামীর কোনো শত্রু ছিল না। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন নিহতের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্রীনিবাস এলাকা থেকে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দাফন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

